চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তামান্না ও মো. খলিল। তামান্নার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। তিনি চট্টগ্রামের কলসির দীঘির পাড়ের ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। অন্যদিকে মো. খলিল ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের বহনকারী মোটরসাইকেলটিকে একটি পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং পিকআপভ্যানটির চালকের বিষয়ে তথ্য সংগ্রহ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।