রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে ২৭৮ জনকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছিল, কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৪ জনের বিষয়ে তদন্ত ও পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। যাচাই শেষে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, জাসদ নেতাদের কাছ থেকে প্রতিনিধি সভায় অংশ নেওয়া নেতাকর্মীদের তালিকা নেওয়া হয়েছে। ওই তালিকা ও অন্যান্য কাগজপত্র যাচাই করে পরিচয় শনাক্ত হওয়ার পর ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
এর আগে শনিবার দুপুরে গুলিস্তানের জিপিও এলাকায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান শেষে কয়েকশ ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছিল পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের পল্টন থানায় নেওয়া হয় এবং পরিচয় ও কর্মকাণ্ড যাচাই করা হবে বলে জানানো হয়েছিল।
এদিকে জাসদের পক্ষ থেকে দাবি করা হয়, সেখানে দলটির প্রতিনিধি সভা চলছিল। জাসদ নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। অবশিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে তাঁদের বিষয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।