শিরোনাম

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারের সম্মতি

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারের সম্মতি
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম | ছবি: রয়টার্স

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে সম্মতি দিয়েছে দেশটি। বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক আলোচনার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি বলেন, “মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এ ধরনের বিষয়ে ধৈর্যশীল ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন।”

তবে প্রত্যাবাসন কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গারা যদি জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। এ বিষয়ে তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, “এটি মালয়েশিয়া। কেউ আইন ভঙ্গ করে জনজীবনে বিঘ্ন ঘটালে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।”

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি রয়েছে। এ প্রসঙ্গে আনোয়ার বলেন, এতদিন প্রত্যাবাসন সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি ছিল না। এখন আলোচনার মাধ্যমে সেই অবস্থানে পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের চেষ্টা চললেও এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি হয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাবাসন ইস্যুতে নতুন আশার সঞ্চার করেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর