শিরোনাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নোয়াখালীতে জামায়াতের ৩ নেতা-কর্মী আহত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নোয়াখালীতে জামায়াতের ৩ নেতা-কর্মী আহত

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলায় জামায়াতের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ছররা গুলিতে আহত হয়েছেন বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, গুলিতে আহত হওয়ার বিষয়টি তাদের নিশ্চিত নয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার আমানউল্যাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা ব্যবসায়ী সমিতির জামায়াতপন্থী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (৪৮), শিহাব উদ্দিন (২০) ও সৌরভ উদ্দিন (১৭)। তাঁদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসকের বরাতে প্রথম আলো জানিয়েছে, সৌরভের মাথায় ছররা গুলির আঘাত রয়েছে।

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন অভিযোগ করেন, আনোয়ার হোসেনসহ কয়েকজন আইয়ুবপুরে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে আমানউল্যাহপুরের ফলোয়ান বাজারসংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের বাড়ির কাছে তাঁদের ওপর হামলা হয়।

জামায়াতের এই নেতা দাবি করেন, হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সৌরভ ছররা গুলিতে এবং আনোয়ার ও শিহাব লাঠির আঘাতে আহত হন।

তবে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। প্রথম আলো জানিয়েছে, তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনজন আহত হওয়ার কথা তিনি জানিয়েছেন। তবে গুলিতে আহত হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন এবং এখনো আহতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর