আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পর ময়মনসিংহের ভালুকা থেকে শিশু শিক্ষার্থী সাইমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাদিম ও তার স্ত্রী নাছিমাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান। পরে গ্রেপ্তার দুজনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য, উন্নতমানের নাস্তা খাওয়ানোর কথা বলে রিকশাচালকের ছেলে সাইমকে কৌশলে নিয়ে যান নাদিম ও তার স্ত্রী নাছিমা। পরে শিশুটিকে আটকে রেখে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পর শিশুটিকে উদ্ধারে মাঠে নামে আশুলিয়া থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা এলাকায় অভিযান চালিয়ে সাইমকে উদ্ধার করা হয়। একই অভিযানে নাদিম ও তার স্ত্রী নাছিমাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে।