ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমাজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম লিখিত বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার ওপরও আঘাত। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
.jpeg)
একই সঙ্গে শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ভোলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতাদের বক্তব্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর এশার নামাজ আদায় করতে মনপুরা উপজেলা মডেল মসজিদে গেলে অধ্যক্ষ মো. মহিউদ্দিন হামলার শিকার হন। পূর্ববিরোধের জেরে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় পরদিন মনপুরা থানায় আটজনকে আসামি করে মামলা করা হয়। তবে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা দাবি করেন, মামলার পর এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করেন।