শিরোনাম

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই স্থান থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার জাসদের ওই কার্যালয়ে শতাধিক ব্যক্তি জড়ো হয়েছিলেন। খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে পুলিশ জাসদ কার্যালয় থেকে একে একে অনেককে বের করে আনে। পরে তাঁদের পল্টন থানায় নেওয়া হয়। পুলিশ সদস্যরা জানান, থানায় তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হবে। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে কারও পরিচয় নিশ্চিত করা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আবু জাফর সূর্যের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরানো অবস্থায় তাঁর একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি দাবি করেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনকালে তাঁকেসহ আরও অনেককে পুলিশ আটক করে নিয়ে গেছে। তাঁকে পল্টন থানায় নেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, জাসদের একটি প্রতিনিধি সভাকে কেন্দ্র করে ওই কার্যালয়ে এই সমাবেশের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর