পঞ্চগড়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ করেছে মাস্তুল ফাউন্ডেশন।
মাস্তুল ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্তুল ফাউন্ডেশনের এডিশনাল সিইও আবু মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এর ধারাবাহিকতায় পঞ্চগড়েও তাদের কার্যক্রম শুরু হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের উন্নয়নে ফাউন্ডেশন আরও ব্যাপকভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
.jpeg)
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের মানবিক কার্যক্রমে ব্যক্তিগত ও সরকারি পর্যায় থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন।
মাস্তুল ফাউন্ডেশনের এডিশনাল সিইও আবু মো. কামরুজ্জামান জানান, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ জন উপকারভোগীর মাঝে টিউবওয়েল এবং দুজন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। টিউবওয়েল স্থাপনের সম্পূর্ণ খরচ ফাউন্ডেশন বহন করবে। পাশাপাশি সেলাই মেশিন পাওয়া নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।
অনুষ্ঠানে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারুফ অনু এবং মাস্তুল ফাউন্ডেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।