শিরোনাম

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, বনদস্যুদের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, বনদস্যুদের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৭ অক্টোবর) রাতে সুন্দরবনের শেলা নদীর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু দলের সদস্যরা সুন্দরবনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মোংলার দিগরাজে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল অফিসে আয়োজিত ব্রিফিংয়ে বিএন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহম্মদ এসব তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মোংলা থানার আওতাধীন সুন্দরবনের শেলা নদীর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যু দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর