শিরোনাম

তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংশ্লিষ্টরা জানান, কূপটির খননকাজ গত বছরের ১৫ ডিসেম্বর শুরু করে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। ভূগর্ভের প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়।

পরীক্ষামূলকভাবে গত ১৯ জুন থেকে কূপটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। এরই মধ্যে কূপটি থেকে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। উদ্বোধনের পর থেকে কূপটি থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নিয়মিত সরবরাহ করা হবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ চালু রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

নতুন কূপটি উৎপাদনে যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, নতুন এই সরবরাহ শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর