শিরোনাম

পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত রেজাউল করিম রেজা পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। পঞ্চগড় সদর থানার সামনে তার কম্পিউটার কম্পোজের ব্যবসা ছিল। স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজনগরের বাড়িতে বসবাস করতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান রেজাউল করিম রেজা। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পুলিশ জানায়, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং অপরাধস্থল ঘিরে রাখে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, বুধবার সকাল ৭টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অপরাধস্থল সুরক্ষিত করার পর সিআইডির ফরেনসিক দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ জানতে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর