ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ছয়টি সম্মাননা অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী। তাদের ঝুলিতে রয়েছে চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি বিশেষ সম্মাননা পদক।
গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বালিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি (IOELLS)-২০২৬-এ বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও নেপালের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এসব সাফল্য অর্জন করে।
পোস্টার প্রেজেন্টেশনের জুনিয়র ক্যাটাগরিতে দলগতভাবে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছে প্রতিষ্ঠানটির ইংলিশ ভার্সনের ষষ্ঠ শ্রেণির শাহলা আনজুম ও আরিয়া ইসলাম অদিত্রী এবং বাংলা ভার্সনের সপ্তম শ্রেণির দলনেতা মো. আল ইমতিয়াজ সিয়াম।
স্পেলিং বি-র প্রাইমারি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছে ইংলিশ ভার্সনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ্ আস সাবের। একই ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পেয়েছে তার সহপাঠী আরশিয়া ইসলাম অরোরা।
অন্যদিকে ইংলিশ অ্যান্ড লিডারশিপ অলিম্পিয়াডের জুনিয়র ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক পেয়েছে বাংলা ভার্সনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দয়িতা ইসলাম নাবা।
আন্তর্জাতিক এ সাফল্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে শিক্ষক, মেন্টর ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি এবং গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান, পিএসসি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বলেন, শিক্ষক ও মেন্টরদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা মর্যাদার সঙ্গে তুলে ধরা সম্ভব হয়েছে। এ অর্জন প্রতিষ্ঠান ও দেশের জন্য গর্বের বিষয় বলেও তাঁরা উল্লেখ করেন।