শিরোনাম

পার্বতীপুরে দুই ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

পার্বতীপুরে দুই ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি ইটভাটাকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা করা ইটভাটা দুটি হলো মেসার্স বসুন্ধরা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস। অভিযান পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ। এ সময় বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তুহিন বাবুসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর