বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে থানচির তিন্দু সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতজনের একটি পর্যটক দল তিন্দু ও আশপাশের পর্যটন এলাকা ঘুরে জীপযোগে থানচি সদরে ফিরছিলেন। পথে তিন্দু সড়কের একটি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে জীপটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয় এবং আরও তিনজন আহত হন।
দুর্গম ওই এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পাশের বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে তাদের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে সময় লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বান্দরবান জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন্দু এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পর্যটক নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।