ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে দগ্ধ ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে মধ্যহিস্যা এলাকায় তিনি আগুনে দগ্ধ হন। এ ঘটনায় তাঁর দেওয়া বক্তব্যের ভিত্তিতে ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়।
নিহত ফরহাদ হোসেন মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি সবজি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর মধ্যহিস্যা এলাকার একটি নির্জন স্থানে ফরহাদ আগুনে দগ্ধ হন। পরে তিনি পাশের একটি জলাশয়ে গিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ পুলিশের সঙ্গে কথা বলেছেন। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ফরহাদের বক্তব্য অনুযায়ী, নির্জন স্থানে যাওয়ার পর পেছন থেকে একজন তাঁর শরীরে দাহ্য পদার্থ ছিটিয়ে দেন এবং অপর একজন আগুন ধরিয়ে দেন। তবে তিনি তাঁদের কাউকেই চিনতে পারেননি।
ওসি বলেন, কীভাবে এবং কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।