কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা ও একটি মোটরসাইকেলসহ তিন কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন। একই অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় তিন কেজি ভারতীয় গাঁজা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর বিওপির একটি টহল দল পাকুড়িয়া পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ভারতীয় দুই বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—দৌলতপুর উপজেলার বোদ্ধনাতলা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. খালেকুল সাইফুল (১৭), চরদিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে মো. আব্দুল আলিম (১৭) এবং একই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে মো. জান্নাত ইসলাম (১৬)।
এদিকে, একই রাতে রাত দেড়টার দিকে ধলা বিওপির একটি টহল দল ধলা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং জব্দ করা মাদক ও অন্যান্য মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।