শিরোনাম

উঠোনে খেলছিল সাফওয়ান, কিছুক্ষণ পর পুকুরে মিলল নিথর দেহ

উঠোনে খেলছিল সাফওয়ান, কিছুক্ষণ পর পুকুরে মিলল নিথর দেহ

বাড়ির উঠোনে খেলছিল দুই বছরের শিশু সাফওয়ান ইসলাম মুন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন মা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজি শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান ওই এলাকার শাকিল ইসলাম ও রেজওয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে। তাঁদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটির বাবা ও দাদা-দাদি বাড়িতে ছিলেন না। দুই সন্তানকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্নাঘরে কাজ করছিলেন মা রেজওয়ানা আক্তার। কিছুক্ষণ পর ছেলে সাফওয়ানকে দেখতে না পেয়ে তিনি খুঁজতে বের হন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের গোরস্তান পেরিয়ে পুকুরপাড়ে গিয়ে পানিতে শিশুটিকে ভাসতে দেখেন।

পরে রেজওয়ানা আক্তার চিৎকার করে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়েদ উল ইসলাম বলেন, সকাল ১১টা ২০ মিনিটে সাফওয়ান নামে দুই বছরের এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর