শিরোনাম

কাজি আজহার আলী কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কাজি আজহার আলী কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজি আজহার আলী কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আব্দুর রকিব। এতে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আব্দুর রকিব বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “কাজি আজহার আলী কলেজকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর