বাগেরহাট-রামপাল-মোংলা (জেড-৭৭১৭) জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় বাগেরহাটের দশানী মোড়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রকল্পের আওতায় বাগেরহাট-রামপাল-মোংলা জেলা মহাসড়কের বিভিন্ন অংশ প্রশস্ত ও উন্নয়ন করা হবে। গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন হলে বাগেরহাট সদর, রামপাল ও মোংলা উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ আরও নিরাপদ, দ্রুত ও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
একই সঙ্গে মোংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সড়কটি উন্নয়নের ফলে পণ্য পরিবহন ও যাতায়াতে সময় কমার পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি বাগেরহাট-রামপাল-মোংলা অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।