শিরোনাম

গজনী সীমান্তে ট্রলিভর্তি সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

গজনী সীমান্তে ট্রলিভর্তি সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তে অভিযান চালিয়ে ট্রলিভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারও জব্দ করা হয়। জব্দ করা কসমেটিকস ও পাওয়ার টিলারের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী এলাকায় ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সীমান্ত এলাকায় একাধিক টহল দল মোতায়েন করা হয়। ভোরে সন্দেহজনক একটি পাওয়ার টিলার ও ট্রলি দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাতে তল্লাশি চালান। এ সময় ট্রলিতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাওয়া যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভারতীয় কসমেটিকস ও পণ্য পরিবহনে ব্যবহৃত পাওয়ার টিলারটি জব্দ করা হয়।

তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাওয়ার টিলারসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

তিনি জানান, জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে।

৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর