‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে মাদকবিরোধী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, “আজকের এই কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। দুই দলের প্রতিই আমার দোয়া ও শুভকামনা রইল। সবাই নিজ নিজ দলকে জয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবে। ভবিষ্যতে এই খেলার মাধ্যমে তোমরা বিশ্ব দরবারে দেশকে পরিচিত করতে পারবে—এটাই আমার প্রত্যাশা।”
বক্তব্য শেষে তিনি ‘কাবাডি চ্যাম্পিয়নশিপ-২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ. কে. এম. ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ও উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘মাদক ছাড়ো, জীবন গড়’ প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টের বালিকা বিভাগে রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। বালক বিভাগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়।
খেলা শেষে ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ স্লোগানে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. তাজুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক ইবনে জোবায়ের রুবেল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আবু হাসান শেখ।