নীলফামারীর সৈয়দপুরে বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও মারধরের অভিযোগ তুলে নিরাপত্তা চেয়েছেন নয় মাসের অন্তঃসত্ত্বা নারী মোছা. সেলিনা বেগম। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা বেগম জানান, সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গফুর বস্তি এলাকায় তাঁদের বাড়ি। তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে রাসেল নামের এক যুবকের সঙ্গে বিরোধের জেরে গত ১৪ অক্টোবর তাঁদের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ করেন তিনি।
সেলিনার দাবি, তাঁর স্বামী মো. বাপ্পিকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে পুলিশ আটক করে। পরে পূর্বের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে আটক করা হয় বলে জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গত ২০ অক্টোবর সন্ধ্যায় তাঁদের বাড়িতে আবারও হামলা চালানো হয়। এ সময় তাঁকে ও তাঁর সন্তানদের মারধর করা হয় এবং বাড়ির চারটি ঘর ভাঙচুর করা হয়। আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুটপাটে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাও নিয়েছেন বলে জানান সেলিনা।
বর্তমানে চার নাবালক সন্তানকে নিয়ে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান তিনি। সেলিনার অভিযোগ, বাড়িঘর ভাঙচুরের কারণে তাঁরা আশ্রয়সংকটে পড়েছেন। পাশাপাশি বসতভিটা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে সেলিনা বেগম ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।