শিরোনাম

ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে নিজ বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর শেখ মুজিবুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শেখ মুজিবুর রহমানকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, এর পরবর্তী দুই-তিন দিনের কোনো একসময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানান, শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তানরা অনেক আগেই মারা গেছেন। তার এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। আর ছেলের একমাত্র মেয়ে মিতুও স্বামীর বাড়িতে বসবাস করেন। ফলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তবে মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর