শিরোনাম
বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন

রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যাকাণ্ড

রংপুরে শিক্ষক পরিবারের চার হত্যাকাণ্ড

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রংপুর জেলা সমন্বয়ক ও জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, সিপিবি রংপুর জেলা সাধারণ সম্পাদক কাফি সরকারসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শান্তিপ্রিয় রংপুর এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। মাছুয়াপাড়ায় শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যা, অটোরিকশা গ্যারেজ মালিক হত্যাসহ গত ১৫ দিনে রংপুরে ৮ থেকে ৯টি হত্যাকাণ্ড ঘটেছে। শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও মামলার তদন্ত ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

তারা আরও বলেন, নগরীর মাদকের হটস্পটগুলো পুলিশের অজানা নয়। এরপরও মাদক কারবারিরা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে খুন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে।

বক্তারা শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং রংপুরসহ সারাদেশে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরে যুক্তফ্রন্টের নেতারা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বিকেলে নেতৃবৃন্দ হত্যাকাণ্ডের শিকার গণপতি চক্রবর্তীর বাড়িও পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর