আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ডিএনসিসি এলাকা থেকে ডিএসসিসির আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।
এনসিপির নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলটির মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই দুই নেতা ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে সারোয়ার তুষার বলেন, তিনি এর আগে ঢাকা থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেবেন।
ভোটার এলাকা পরিবর্তনের এ সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক সমঝোতায় কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় জোটের বাইরে নিজস্ব কৌশলে পরিচালনার বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত রয়েছে। সেই কৌশলের অংশ হিসেবেই দুই নেতাকে দুই এলাকায় স্থানান্তর করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ নিজেই তাঁর ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তাঁকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসিফ মাহমুদের পোস্টে বলা হয়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করা হয়েছিল। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পর্যালোচনার পর নির্বাচন কমিশন আবেদনটি অনুমোদন করেছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, এক ভোটার এলাকা থেকে অন্য এলাকায় ভোটার নিবন্ধন স্থানান্তরের জন্য নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করতে হয়।