শিরোনাম

২১ কোটি টাকায় নির্মিত সৈয়দপুর পৌরসভা সুপার মার্কেট দিনে কুকুর, রাতে মাদকসেবীর দখলে

২১ কোটি টাকায় নির্মিত সৈয়দপুর পৌরসভা সুপার মার্কেট দিনে কুকুর, রাতে মাদকসেবীর দখলে
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক সুপার মার্কেট দীর্ঘদিনেও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় দিনে সেখানে কুকুরের বিচরণ এবং রাতে মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগ উঠেছে।

সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের মিস্ত্রিপাড়া বাইপাস এলাকায় পৌরসভার নিজস্ব জমিতে নির্মিত এ মার্কেটের কাজ শুরু হয় ২০২০ সালের ডিসেম্বরে। কয়েক দফা সময় বাড়ানোর পর ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও এখনো চালু করা হয়নি।

প্রকল্প সূত্রে জানা যায়, মার্কেটটিতে ৯০টি দোকান, টয়লেট ব্লক, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সড়কবাতি, পার্কিং সুবিধা, ড্রেনেজ ব্যবস্থা ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণ করা হয়েছে। তবে ব্যবহার না হওয়ায় পুরো স্থাপনাটি অযত্নে পড়ে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর নির্জন হয়ে পড়া মার্কেট এলাকায় মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ড বাড়ছে। নিরাপত্তা ও তদারকির অভাবে এলাকায় অপরাধপ্রবণ পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দোকান বরাদ্দপ্রত্যাশী কয়েকজন অভিযোগ করেন, দোকান নেওয়ার জন্য অর্থ জমা দিলেও মার্কেট চালুর বিষয়ে কোনো অগ্রগতি নেই। কেউ টাকা ফেরত চাইলে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, কোটি কোটি টাকার একটি প্রকল্প বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা দুঃখজনক। অন্যদিকে আইনুল হক নামে আরেক বাসিন্দা বলেন, দ্রুত চালু না হলে এলাকায় অপরাধ বৃদ্ধি পেতে পারে।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, মার্কেটটি দ্রুত চালুর বিষয়ে পৌর কর্তৃপক্ষ আগ্রহী। এটি চালু হলে পৌরসভার রাজস্ব আয় বাড়বে। তবে কবে নাগাদ মার্কেটটি চালু হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর