গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বিভিন্ন শ্রেণির নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) প্রধান শিক্ষক স্বাক্ষরিত আদেশে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
এ ঘটনায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়ের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন—নবম শ্রেণির মো. আলীরাজ, শাহজালাল মুন্সি, কাজী সাইদুল ইসলাম সাইদ, শ্রান্ত মজুমদার, শেখ আব্দুল্লাহ তাসীন, রাইয়ান খান ও রিয়াজুল মুন্সি; অষ্টম শ্রেণির রেজাউল করীম এবং দশম শ্রেণির সাজিদ কাজী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর স্কুল ছুটির সময় শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেয় বিভিন্ন শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন বিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর বুধবার ওই নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়।
গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৬ অক্টোবর দুপুরে ছুটির সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়।
তিনি বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসক তাঁকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। পরে একজন সহকারী শিক্ষককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে ঘটনায় জড়িত শিক্ষার্থীদের টিসি দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি মাত্র।’