শিরোনাম

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে মেক্সিকোর জন্য একটি জায়ান্ট পান্ডা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। মঙ্গলবার চীনের শেনজেনে দুই নেতার বৈঠকে এ অনুরোধ করেন তিনি।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেইনবাউম। তিনি জানান, আগামী বছর মেক্সিকো ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষে দুই দেশের পর্যটন খাতের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে মেক্সিকো সিটির চ্যাপুলটেপেক চিড়িয়াখানার জন্য একটি পান্ডা চাওয়া হয়েছে।

শেইনবাউম বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটি ছিল আন্তরিক ও খোলামেলা।

মেক্সিকো সিটির চ্যাপুলটেপেক চিড়িয়াখানায় বর্তমানে সিন সিন নামে ৩৬ বছর বয়সী একটি জায়ান্ট পান্ডা রয়েছে। এটি চীনের মালিকানাধীন নয়, বরং মেক্সিকোতে জন্ম নেওয়া পান্ডাদের শেষ জীবিত সদস্য। ১৯৭৫ সালে চীন থেকে মেক্সিকোয় পান্ডা আনা শুরু হয়েছিল।

১৯৮০-এর দশক থেকে চীন বিদেশি চিড়িয়াখানায় নির্দিষ্ট সময়ের জন্য পান্ডা ধার দেওয়ার নীতি অনুসরণ করছে। এর বিনিময়ে সংশ্লিষ্ট দেশগুলোকে বন্য পান্ডা সংরক্ষণে অর্থ দিতে হয়। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে পান্ডা বিনিময়কে চীন দীর্ঘদিন ধরে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এ উদ্যোগকে বলা হয় ‘পান্ডা ডিপ্লোম্যাসি’।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর