খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘সিটি করপোরেশন কারও প্রতিপক্ষ নয়।’
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সিটি করপোরেশন কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে পুলিশ প্রশাসনকে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার নির্দেশ দেন।
ঘটনার প্রতিক্রিয়ায় প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানুষের জন্য, মানুষের কল্যাণ ও সেবার জন্য কাজ করে। সিটি করপোরেশন তো কারও প্রতিপক্ষ নয়। সেই প্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপ করা অত্যন্ত দুঃখজনক ও হতবাক করার মতো ঘটনা।’
তিনি জানান, নগর ভবনের নিচতলার সিঁড়িতে বোমাটি নিক্ষেপ করা হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এ ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে। তবে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে অপরাধীরা কোনো সুবিধা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরে প্রশাসক বলেন, দেশকে অস্থিতিশীল করার একটি ফ্যাসিবাদী ষড়যন্ত্র চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় খুলনা শহরকে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।
নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণ সবকিছু জানে। এসব আমরা শক্ত হাতেই মোকাবিলা করব।’
এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতে খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক সিটি করপোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করেন। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য বস্তু না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।
খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। পেট্রল বোমাটি নগর ভবনের সিঁড়িতে নিক্ষেপ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।