শিরোনাম

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সিপন আহমেদ

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সিপন আহমেদ

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে এসব ঘটনার সূত্রপাত হয়। এরপর মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়ের সামনে, পুলিশ সুপারের বাসভবনের কাছে, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি, ঘিওর বাসস্ট্যান্ড, ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া, ধলেশ্বরী সেতু, জাগীর সবজির আড়ত ও নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। শহরের বিভিন্ন স্থানে ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালানোর ঘটনা ঘটে। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মধ্যে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নবীন সিনেমা হল ও পুলিশ বক্সসংলগ্ন স্থানে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটির পুরো অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পার্কিং করে রাখা মিনিবাসটিতে আগুন দিয়ে কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির পুরো অংশ পুড়ে গেছে।

এসব ঘটনার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন এবং সিংগাইর ও দৌলতপুর থানা-পুলিশ একজন করে আটক করেছে। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর