শিরোনাম

সৈয়দপুরের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শরীফুল আলম চৌধুরী আর নেই

সৈয়দপুরের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শরীফুল আলম চৌধুরী আর নেই

নীলফামারীর সৈয়দপুরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, রোটারি ক্লাব অব সৈয়দপুরের চার্টার প্রেসিডেন্ট এবং নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরীর বড় ভাই রোটারিয়ান আলহাজ্ব ডা. শরীফুল আলম চৌধুরী আর নেই।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত নানা জটিলতায় ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে—ডা. আদনান ও ডা. শেফাউল ইসলাম এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. শরীফুল আলম চৌধুরীর গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার হাজারীহাট এলাকায়। তিনি শহরের নয়াটোলা এলাকায় বসবাস করতেন এবং সেখানেই দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসাসেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি রোটারি ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করেন।

পরিবার জানিয়েছে, তাঁর জানাজার সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর