মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তার স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন বাগেরহাট জেলা বিএনপির নেতা মনিরুল হক ফরাজী।
গোপালগঞ্জ এলাকায় পৌঁছানোর পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
স্বজনদের দাবি, ঘটনার পর থেকে ফরাজীর নিজের মোবাইল ফোন ও তার গাড়িচালকের মোবাইল ফোন—দুটিই বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি কোথায় আছেন এবং কী অবস্থায় আছেন, তা এখনো জানা যায়নি। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছেন বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। মনিরুল হক ফরাজীর স্ত্রী ও সন্তানরা বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
তবে এ বিষয়ে এখনো পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফরাজীর পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাভোগকারী মনিরুল হক ফরাজীকে উদ্ধারে চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। টুঙ্গিপাড়া থানা, মুকসুদপুর থানা ও একাধিক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।