জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল নগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা এবং দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং যাদের আত্মত্যাগে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, তাদের মর্যাদা প্রতিষ্ঠায় দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে সংসদের পরিবর্তে রাজপথে নেওয়ার চেষ্টা করছেন, তারা শহীদদের আত্মত্যাগের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারছেন না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য ছড়ানোর প্রবণতা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিশেষ আলোচনা সভা।