শিরোনাম

বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে বাংলাদেশ অংশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর দীপঙ্কর গোপ (৩০) নামে ওই ভারতীয় নাগরিককে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দীপঙ্কর গোপ সীমান্তের ওপারে একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয়দের দাবি, তমিজ উদ্দীন বয়স্ক এবং তিনি কানে কম শোনেন ও ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, ‘আমার বাবা কোনো কিছু করেননি। তিনি গরু খুঁজতে গিয়েছিলেন। আমার বাবা বয়স্ক, কানে কম শোনেন এবং ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। আমরা বাবাকে ফিরে পেতে চাই। ভারতীয় ওই নাগরিককে ছেড়ে দেওয়ার আগে আমার বাবাকে ফিরিয়ে দিতে হবে।’

এদিকে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে আটক রাখার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর