রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়ানী পৌর এলাকার চকসিংগা মহল্লায় অবস্থিত বাড়িটির সামনের অংশে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকেই বাড়িটি অব্যবহৃত অবস্থায় রয়েছে।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, ঘটনাটি খুবই ছোট। সাবেক প্রতিমন্ত্রীর বাড়ির সামনের অংশে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন দেওয়ার কিছুক্ষণ পরই তা নিভে যায়।