শিরোনাম

কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২

কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২

গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে গরুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১০টি গরুর মধ্যে পাঁচটি ঘটনাস্থলেই মারা গেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছালে সামনে একটি অটোরিকশা চলে আসে। অটোরিকশাটিকে রক্ষা করতে বাসচালক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা গরুবাহী ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা চারজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় ট্রাকে থাকা ১০টি গরুর মধ্যে পাঁচটি ঘটনাস্থলেই মারা যায়। আহত চারটি গরুকে পরে জবাই করা হয়। একটি গরু অক্ষত রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর