মাদক, কিশোর অপরাধ, স্মার্টফোনের অপব্যবহার ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখিয়ে শপথ নিয়েছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কয়েক শতাধিক স্কুলশিক্ষার্থী।
সোমবার (১৭ আগস্ট) সকালে দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার অঙ্গীকার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। তিনি শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং জেলা স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম।
শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, “বাড়িতে বাবা-মা ও বিদ্যালয়ে শিক্ষকরা ভালো কাজে উৎসাহ দেন এবং খারাপ কাজ থেকে নিষেধ করেন। আজ আমরা সবাই মিলে শপথ করেছি—ভালো মানুষ হবো এবং মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবো।”

আরেক শিক্ষার্থী মহিবুল মাহিন বলেন, “আজ আমরা উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ নিয়েছি এবং এসবকে লাল কার্ড দেখিয়েছি।”
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন, শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছেন। সামাজিক অবক্ষয় রোধে শপথ ও লাল কার্ড প্রদর্শনের উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের সচেতনতা বাড়ানো গেলে নতুন প্রজন্ম মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন এবং মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে রাখতে লাল সবুজ উন্নয়ন সংঘের এ উদ্যোগ প্রশংসনীয়। নতুন প্রজন্মকে সামাজিক অবক্ষয় ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।