নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সাদবিন ইসলাম (২৪) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ফুয়াদ হোসেন নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মুজা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদবিন ইসলাম নীলফামারী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি সৈয়দপুর শহরের ইসলামবাগ (চিনি মসজিদ) এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. সেলিম।
স্থানীয়রা জানান, রাতে সাদবিন ও ফুয়াদ একটি মোটরসাইকেলে করে গোলাহাট হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। মুজা মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সাদবিন ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী ফুয়াদ হোসেন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাদবিনের মরদেহ উদ্ধার করে। আহত ফুয়াদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।