মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর বাজারে অনিয়মের অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস ও ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম।

অভিযানে আধুনিক হাসপাতালকে ৪০ হাজার টাকা, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার টাকা এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় অনিয়মের অভিযোগে হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ঘিওর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।