ফেনীর হজ্জ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান আল হাতিম হজ্জ কাফেলার উদ্যোগে ওমরাহ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল হাতিম হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে ওমরাহ পালনের নিয়ম-পদ্ধতি, ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বসুরহাট ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের হেলালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হামজা এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ড. এনামুল হক, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী এবং আল হাতিম শরীয়া বোর্ডের কো-অর্ডিনেটর মাওলানা মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা ইয়াছিন মাহমুদ। পরে কাবা ও মদিনা শরিফকে ঘিরে নাশিদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আবদুল্লাহ আল নোমান।
আলোচনায় বক্তারা ওমরাহ পালনের নিয়ম-পদ্ধতি, উদ্দেশ্য, ফজিলত ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে ওমরাহ যাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় জয়নাল হাজারী কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম পলাশ, মাওলানা এম. হাবিবুর রহমান, ব্যবসায়ী তোফায়েল আহমেদ, মিসবাহ উদ্দিন ফারুক, জাকির হোসেন, সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক ও কবি মুস্তাফা মুহিত, সাংবাদিক এম. এ. রাহাত চৌধুরী, রাকিব সৌরভসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আল হাতিম হজ্জ কাফেলা সূত্রে জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৬৯ জন ওমরাহ যাত্রী সৌদি আরবের উদ্দেশে ফেনী ছাড়বেন। এ দলের শরীয়া কনসালটেন্ট হিসেবে থাকবেন অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূঁইয়া এবং সার্বক্ষণিক মুয়াল্লিমের দায়িত্ব পালন করবেন এস. এম. মাছুম বিল্লাহ।
কর্মশালা শেষে ওমরাহ যাত্রীদের মধ্যে ভিসা, টিকিট ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরে তাঁদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।