ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তি দুটির ওজন প্রায় ২২ কেজি।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জুঙ্গুরদী গ্রামে মোস্তফা মোল্লার বাড়ির আঙিনা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মূর্তিগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—জুঙ্গুরদী গ্রামের রিপন মুন্সির ছেলে শিয়াব মুন্সি, শশা গ্রামের আবু সাঈদ তালুকদারের ছেলে রুমান তালুকদার, ছাগলদি গ্রামের মোস্তফা শেখের ছেলে মহাসিন শেখ এবং জুঙ্গুরদী গ্রামের মনির খানের ছেলে আবির আহমেদ।
পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে সেবায়েত রমা চক্রবর্তী মূর্তি চুরির বিষয়টি দেখতে পান। পরে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরে তালা দিয়ে পাশের বাসায় যান সেবায়েত। রাত সাড়ে ১২টার দিকে মন্দির পরিদর্শন করে তিনি আবার বাসায় ফিরে যান। পরদিন ভোর ৬টার দিকে পূজা দিতে এসে দেখতে পান, মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে থাকা দুটি পিতলের মূর্তি নেই।
ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
মূর্তি উদ্ধারের সময় নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ, ওসি (তদন্ত) রাজ্জাকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ বলেন, চুরি হওয়া দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। উদ্ধার হওয়া মূর্তি দুটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।