শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে প্রায় দুই হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষে কর্মসূচিটির আয়োজন করে ইকু গ্রুপ। এতে সার্বিক সহযোগিতা করে আলহাজ কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন ইকু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু।
এ সময় তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সব মানুষের পাশে থাকার চেষ্টা করেন তারা। ঈদে মুসলমানদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেও উৎসবের আনন্দ ভাগ করে নেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় শতবর্ষী শ্রীবালার হাতে নতুন শাড়ি তুলে দেওয়ার সময়। নতুন পোশাক পেয়ে তাঁর মুখে ফুটে ওঠে হাসি। দুর্গাপূজার আগে নতুন পোশাক পেয়ে শ্রীবালার মতো আনন্দ প্রকাশ করেন উপস্থিত অন্য উপকারভোগীরাও। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।