শিরোনাম

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘আইসিটি টেকফেস্ট’ শুরু

সৈয়দপুরে আর্মি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘আইসিটি টেকফেস্ট’ শুরু

উদ্ভাবনী চিন্তা, প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রযুক্তিবিষয়ক কর্মশালা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) শুরু হয়েছে চার দিনব্যাপী ‘আইসিটি টেকফেস্ট ২০২৬’।

সোমবার (৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের উদ্যোগে এবং বাউস্ট আইসিটি সোসাইটি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সকালে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের কিট বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে গ্যাস বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য। এরপর কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। প্রযুক্তিজ্ঞান ইতিবাচক কাজে ব্যবহার করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. মামুন হোসেন অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে উৎসবের পরবর্তী আয়োজনগুলো সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের জন্য ছিল ম্যারাথন প্রোগ্রামিং প্রতিযোগিতা, ওয়েব কর্মশালা ও সেমিনার। এ ছাড়া আইওটি ল্যাবে আইসিটি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা তাঁদের ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি রুবিকস কিউব ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকেরা জানান, উৎসবের পরবর্তী দিনগুলোতে তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘কোয়ান্টাম মেশিন লার্নিং’ বিষয়ে বিশেষ সেমিনারে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। এ ছাড়া অংশগ্রহণকারীদের জন্য থাকবে র‍্যাফেল ড্র। আগামী ১৩ নভেম্বর ‘আইসিটি এক্সকার্শন: টেক ইন নেচার’ শীর্ষক শিক্ষা সফরের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবের সমাপ্তি ঘটবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর