শিরোনাম

সৈয়দপুরে ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ, দুই প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ, দুই প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি বিভাগের অভিযানে দুটি সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ৫০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা ও সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম। অভিযানে সৈয়দপুর থানা-পুলিশ সহযোগিতা করে।

অভিযানকারী দল প্রথমে শহরের নয়াবাজারে উপজেলা সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্সের গুদামে যায়। সেখানে সার বিক্রির রেজিস্ট্রারে ক্রেতা কৃষকদের ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ না থাকায় এবং গুদামের পরিবেশ সার সংরক্ষণের উপযোগী না হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সার ডিলার মো. নুর ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

পরে শহরের তামান্না সিনেমা হল মোড়ের মেসার্স মন্ডল ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়। পরে এসব কীটনাশক জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিক মো. আ. সালামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ভবিষ্যতে সার ও কীটনাশক সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর