শিরোনাম
বেরোবিতে উত্তেজনা

দর্শনার্থী ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা, তদন্ত কমিটি গঠন

দর্শনার্থী ও যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা, তদন্ত কমিটি গঠন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে দর্শনার্থী ও সব ধরনের যানবাহনের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে ক্যাম্পাসে ছাত্রশিবিরের একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচিতে জেলা ও মহানগর ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন। দুপুর থেকেই তারা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অন্যদিকে, সন্ধ্যায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা রংপুরের কারমাইকেল কলেজ এলাকায় অবস্থান নিয়ে পরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর শাপলা চত্বর সড়ক প্রদক্ষিণ করে। উভয় পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শওকাত আলী বলেন, শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার থাকবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

এদিকে ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন মহল দ্রুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর