পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটে ছাত্রদলের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে কলেজ শাখার সভাপতিকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক ও ছাত্রদল নেতার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযুক্ত শিক্ষক মশফিকুর রহমান প্রধান কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সদর উপজেলা জিয়া পরিষদের সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।
রোববার কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি মো. সৈকত হোসেন ও কর্মী ওমর ফারুক সাগরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শিক্ষক মশফিকুর রহমানকে বলতে শোনা যায়, ‘দল এমনি থাকবে, কিন্তু কোনো কার্যক্রম চলবে না।’ জবাবে ছাত্রদল সভাপতি সৈকত হোসেন বলেন, তাঁরা কোনো কার্যক্রম করছেন না। তখন শিক্ষক বলেন, ‘উপরের পর্যায় থেকে নওশাদ জমির ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নির্দেশ আছে, এখানে কোনো কার্যক্রম চলবে না। গঠন থাকতে পারে, কিন্তু কার্যক্রম চলবে না।’
অন্য একটি ভিডিওতে ছাত্রদল সভাপতি সৈকতকে বলতে শোনা যায়, কলেজে কমিটি গঠনের দুই বছর পেরিয়ে গেলেও তাঁদের কোনো কার্যক্রম শিক্ষকের নজরে পড়েছে কি না। এ সময় শিক্ষক তাঁকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে নিয়ে মন্তব্য করেন। ভিডিওতে তাঁর বক্তব্যের কিছু অংশ অস্পষ্ট শোনা যায়।
কলেজ ছাত্রদলের সভাপতি মো. সৈকত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি কলেজে যেতে পারেননি এবং দলীয় কার্যক্রমেও যুক্ত ছিলেন না। তবে কলেজের কয়েকজন শিক্ষার্থী বই কেনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য তাঁকে ফোন করলে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কলেজে যান। এ সময় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক মশফিকুর রহমানের সঙ্গে তাঁর দেখা হয়।
সৈকত জানান, তাঁকে দেখেই শিক্ষক প্রশ্ন করেন, তিনি কেন কলেজে এসেছেন। তাঁকে আগেও কলেজে রাজনীতি না করার কথা বলা হয়েছে বলে জানান ওই শিক্ষক। জবাবে সৈকত বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনতেই তিনি সেখানে গিয়েছেন; তাঁদের নিয়ে বাইরে কোথাও যাচ্ছেন না। এরপরও শিক্ষক তাঁদের কলেজে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। একপর্যায়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেন সৈকত।
তিনি আরও বলেন, ‘একটি কলেজে সরকারদলীয় ছাত্রসংগঠনকে রাজনীতি করতে দেওয়া হবে না—এটি দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মশফিকুর রহমান প্রধান। তিনি বলেন, ‘ছেলেগুলো কলেজে আসার পরপরই আমার সঙ্গে খারাপ আচরণ শুরু করে। তারা আমার কথার আগে-পেছনের অংশ বাদ দিয়ে প্রচার করেছে। আমি বলেছি, কলেজে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও নওশাদ জমির যা বলেছেন, সেটাই। আমি নিজের কোনো কথা বলিনি। আমি জিয়া পরিষদের নেতা, তাঁদের আগে থেকেই রাজনীতি করি।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ছাত্রদলকে কলেজে কার্যক্রম পরিচালনা করতে না দেওয়া নিঃসন্দেহে দুঃখজনক। তাঁকে নিয়ে শিক্ষক আপত্তিকর মন্তব্য করলেও সেটিকে তিনি গুরুত্ব দিতে চান না। তবে ছাত্রদলকে রাজনীতি করতে দেওয়া হবে না—এমন বক্তব্যের প্রতিবাদ জানান তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. কায়েদ-ই-আজম বলেন, জাতীয়করণ-সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তবে কলেজটি আগে থেকেই রাজনীতিমুক্ত। এখানে স্কুল পর্যায়ও রয়েছে, সে কারণে কলেজের ভেতরে রাজনৈতিক কার্যক্রমের অনুমতি নেই। অন্য দলগুলোকেও কলেজের বাইরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান তাঁকে ফোন করেছিলেন। তাঁরা বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে চেয়েছিলেন। তবে এর মধ্যেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।