শিরোনাম

দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে কোনো অরাজকতা করতে দেওয়া হবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কার্যক্রম নিষিদ্ধ একটি দল গত কয়েক দিন ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। থানা লুট, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা এবং মানুষের জানমালের ক্ষতি করার মতো কর্মকাণ্ড আর মেনে নেয়া হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ডে দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা দেশ থেকে পালিয়ে গেছেন। আপনাদের নেতারা বিদেশে বসে মুরগির রান খাচ্ছেন। আর আপনাদের ভাঙচুর করতে উসকানি দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের ফল ভালো হবে না। অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করব না। আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, প্রয়োজনে প্রতিশোধ নেব। দেশে অরাজকতা করতে দেওয়া হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোন ইস্যুতে এসব করছেন? আপনাদের কোনো ইস্যু নেই। দেশ ভালো চলছে। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও তা করতে দেওয়া হবে না। যেকোনো উপায়ে প্রতিরোধ করা হবে। প্রয়োজনে মারধর করা হবে, গ্রেপ্তারও করা হবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আছি।

তিনি আরও বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী মাঠে রয়েছেন। বিএনপিকে দুর্বল মনে করলে ভুল হবে। তারা দুর্বল নন; বরং দেশের স্বার্থে এখন পর্যন্ত সুযোগ দিয়েছেন। তারা চান, দেশ ভালো থাকুক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর