শিরোনাম

বিএনপি নেতার আপত্তিতে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন

বিএনপি নেতার আপত্তিতে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন

জামালপুর প্রতিনিধি>জামালপুরের বকশীগঞ্জে বিএনপি নেতার আপত্তির মুখে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হয়েছে ৮৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনকে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নওশেদ আলীসহ কয়েকজন এতে আপত্তি জানান। তাঁদের দাবি, দেলোয়ার হোসেন প্রকৃত মুক্তিযোদ্ধা নন এবং নিয়মবহির্ভূতভাবে তাঁর নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, পরিবারের দাবি, দেলোয়ার হোসেন জীবিত অবস্থায় মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন।

প্রশাসন জানায়, আপত্তির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান স্থগিত করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

দেলোয়ার হোসেন সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রকৃত মুক্তিযোদ্ধার পরিচয় নিয়ে আপত্তি থাকলে তা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে সেই যাচাইয়ের আগেই রাষ্ট্রীয় মর্যাদা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর