ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, খুলনা পরমাণু বিজ্ঞানকেন্দ্রের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এবং সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি সৈয়দমহল্লা গ্রামের আমেরিকাপ্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচতলায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় চোরের দল ওই দম্পতির বাসার বারান্দার গ্রিল ও ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, দুটি চুড়ি ও একটি চেইনসহ মোট পাঁচ ভরি স্বর্ণালংকার এবং বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শেখ জাহিদুল ইসলাম জানান, চুরির সময় তাঁরা অন্য একটি কক্ষে ঘুমিয়ে থাকায় ঘটনাটি টের পাননি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি জানতে পারেন। এতে তাঁদের ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। পরে বিষয়টি থানা-পুলিশকে জানান। এ ঘটনায় শেখ জাহিদুল ইসলাম ফকিরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।