শিরোনাম

নরসিংদীতে ইউপি নির্বাচন ও প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে ইউপি নির্বাচন ও প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন

 নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকারকে অপসারণ করে প্রশাসক নিয়োগ এবং ইউপি নির্বাচন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়নটির বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১১ সালে চাঁনপুর ইউনিয়নে সর্বশেষ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে সীমানা নির্ধারণ ও ভোটারসংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে টানা ১৫ বছর ধরে চাঁনপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ২০১৬ সালে এ ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও মামলার কারণে পরে নির্বাচন স্থগিত করা হয়।

মানববন্ধনে বক্তারা আরও জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়া এবং ইউপি চেয়ারম্যান নিয়মিত পরিষদ কার্যালয়ে উপস্থিত না থাকায় ইউনিয়নের সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান চেয়ারম্যান মোমেন সরকার এলাকার বাইরে অবস্থান করায় চাঁনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। এছাড়া একাধিক ইউপি সদস্য মারা যাওয়ায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতেও জনপ্রতিনিধির শূন্যতা তৈরি হয়েছে।

নাগরিক সেবা যাতে আর ব্যাহত না হয়, সে জন্য ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে পরিষদে প্রশাসক নিয়োগের দাবি জানান বক্তারা। পাশাপাশি মামলাজনিত জটিলতা কাটিয়ে রায়পুরার অন্যান্য ইউনিয়নের সঙ্গে চাঁনপুর ইউনিয়নেও দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে চাঁনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর